যেদিন শৈশব হারিয়ে যাবে, বুঝবে সেদিন বুঝবে!
মধ্যরাতে একলা শুয়ে স্মৃতির পাতায় খুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে।
কত কথা ভেবে ভেবে
চোখের নিদ্রা হারিয়ে যাবে
আসবে স্মৃতি ঘুরে ফিরি,
মনের কঠিন বাধা চিরি’
চোখের পানি মুছবে-
বুঝবে সেদিন বুঝবে!
নিদ্রা ভেঙ্গে গভীর রাতে, জাগবে হঠাৎ চমকে’
অতীতের যেন কোন ঘটনায়, খুজে পাবে মনকে’-
জাগবে হঠাৎ চমকে’!
ভাববে তুমি কম বয়সে
যাচ্ছে যে দিন খেলে হেসে
খেয়াল করে দেখবে যখন-
বড় তুমি! হয়েছো এখন!
বেদনাতে চোখ বুঁজবে-
বুঝবে সেদিন বুঝবে!
একলা বসে বুকটা ছিঁড়ে আসবে যখন কান্না,
বলবে সবাই- “হলোটা কি? চাকরি বাকরি পান না?”
আসবে ভেঙ্গে কান্না!
প’ড়বে মনে বিদ্যালয়ে,
আড্ডা দিতাম কত গিয়ে!
পড়বে মনে খেলার কথা
ভাসবে চোখে বইয়ের পাতা
ক্লান্ত হয়ে উঠবে,
বুঝবে সেদিন বুঝবে!
দেখবে একদিন দায়িত্ত ভারে মলিন হবে জীবন,
অর্থচিন্তায় কাজের মাঝে বিলীন হবে স্বপন-
বিলীন হবে স্বপন,
কত যে সুখের কেটেছে রাতি
প’ড়বে মনে ছিলো যে সাথী’!
মনে তাদের ছবি আঁকা,
কিন্তু যে আর হবেনা দেখা
নিঃশ্বাস আটকে ধুঁকবে-
বুঝবে সেদিন বুঝবে!
আসবে আবার ঈদের সময়, আনন্দের চাঁদ রাতি,
থাকবে অনেকে- থাকবে না সেই সুখের অনুভুতি!
আনন্দের চাঁদ রাতি!
থাকবে পাশে মানুষ কিছু,
তবু অতীত করবে পিছু,
মনের মাঝে আনবে টানি
সেই যে ঈদের সময়খানি-
বিষিয়ে তখন উঠবে-
বুঝবে সেদিন বুঝবে!
বাড়বে তোমার বয়স এখন, ফিরবে না আর সেখানে
আনন্দেতে আত্মহারা, হতে তুমি যেখানে,
ফিরবে না আর সেখানে,
পড়বে মনে, বিরক্ত হতে
অসুখ নিয়ে পরীক্ষা দিতে,
ভাবতে এইদিন কবে নেবে বিদায়!-
সেই কথা যে আসবে মাথায়
কিভাবে তুমি রুখবে-
বুঝবে সেদিন বুঝবে।
আবার যাবে বিদ্যালয়ে, সময়েরই তরঙ্গে
কিন্তু সেদিন হাত ধরে কেউ, থাকবে তোমার সঙ্গে-
সময়েরই তরঙ্গে।
অভিভাবক হয়েছো এখন
নওতো তুমি আগের মতন,
এমনি হইচই ছিলো যে তখন
নতুন কেহ যাবে যখন
তাকিয়ে থেকে দেখবে-
বুঝবে সেদিন বুঝবে।
তোমার আয়ু আসবে যখন, শেষের দিকে চলে
হিসাব করবে পেলে কি তুমি, কিই বা হারালে-
শেষের দিকে চলে!
লাগবে তখন অনেক একা,
পাচ্ছনা যে কারো দেখা;
দীর্ঘ সময় কাটবে না আর,
মনে শুধুই স্মৃতির পাহাড়
কষ্ট প্রহর গুনবে-
বুঝবে সেদিন বুঝবে।
বসবে আবার ছাদের ওপর, দেখবে আকাশ পানে
ঝিলমিল ওই তারাগুলো, কিছু বলছে কানে কানে-
দেখবে আকাশ পানে।
সেদিন তুমি ভাববে কতো,
জীবন যদি আবার হতো!
সুখের সময় পেতাম আবার
কিন্তু সেটা হবে না আর
কঠিন ধাঁধায় ঘুরবে –
বুঝবে সেদিন বুঝবে!
জীবন যাবে নিজ গতিতে, ঠুনকো হবে বন্ধন
কমবে হাসি আসবে কষ্ট, জাগবে বুকে ক্রন্দন-
ঠুনকো হবে বন্ধন!
দেখবে একদিন, নেই কেউ সাথে
সুঃখ দুঃখেতে সঙ্গ দিতে-
একলা বসে, বইবে হাওয়া
মনের যত ছিলো চাওয়া,
ধীরে ধীরে ভুলবে-
বুঝবে সেদিন বুঝবে!
ছোটবেলার যে স্মৃতিরা, মনে খুশি আনতো
সেই স্মৃতিরাই দিবে ব্যাথা- করবে তোমায় ক্লান্ত
যে স্মৃতি খুশি আনতো।
একদিন তুমি মৃত্যু কোলে
সময় শেষে পড়বে ঢলে,
হয়তো কেহ দুহাত তুলে
করবে দোয়া চোখের জলে,
তোমার কবর খুঁড়বে-
বুঝবে সেদিন বুঝবে !
